আগামী ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণির পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ নামে নতুন একটি বই যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, মাদক থেকে দূরে রাখা এবং সুস্থভাবে গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার বিকেলে বরিশালের কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আমিনুল হক বলেন, ‘খেলাধুলাকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে শিশুদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি দল-মতনির্বিশেষে ঐক্যবদ্ধ সমাজ গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করছে বলেও জানান প্রতিমন্ত্রী। এ ছাড়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার পরিকল্পনার কথা জানান তিনি।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি বর্তমানে ২০১টি উপজেলায় উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম চলছে।’
আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে ৫০৩টি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।
বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। মঙ্গলবারের ফাইনালে শের-ই-বাংলা একাদশ ২-০ গোলে তারুণ্যের একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।