অস্থিরতা চললে কারখানা বন্ধ রাখতে চান মালিকরা: বিজিএমইএ

পোশাকশিল্পে চলমান বিশৃঙ্খলা ও কারখানা ভাঙচুর বন্ধ না হলে মালিকরা আর কারখানা চালু রাখতে চান না। অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।

বিকেলে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে প্রায় ৭০০ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সভাপতি আরও জানান, সাম্প্রতিক আন্দোলনের কারণে প্রায় ৬০০ পোশাক কারখানা তাদের স্বাভাবিক কাজ চালাতে পারেনি। 

মালিক পক্ষের দাবি, নতুন মজুরি বোর্ড গঠিত হওয়ার পরও এ ধরনের বিশৃঙ্খলা সাধারণ কোনো মজুরি আন্দোলন হতে পারে না। বরং এর পেছনে অন্য কোনো পক্ষের ইন্ধন থাকতে পারে। 

পরিস্থিতি সামাল দিতে ও পোশাক খাতের স্বার্থ রক্ষায় সরকারের কঠোর হস্তক্ষেপ চেয়েছে বিজিএমইএ। শ্রম পরিবেশ তৈরি না হলে কারখানা চালানো সম্ভব নয় বলেও জানান সংগঠনের নেতারা।