মজুরি বোর্ড গঠনের পর আন্দোলনের যৌক্তিকতা নেই: শ্রমমন্ত্রী

পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। ৬ সদস্যের বোর্ডের প্রধান, বিচারক শেখ আশফাকুর রহমান। সচিবালয়ে এ ঘোষণা দেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি অভিযোগ করেন, ডিসেম্বর সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ইন্ধনে শ্রমিক অসন্তোষ চলছে। মজুরি বোর্ড গঠনের পর আন্দোলনের যৌক্তিকতা দেখেন না তিনি। 

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন চান গার্মেন্টস কর্মীরা। এ দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভ করছেন শ্রমিকরা। বিভিন্ন জায়গায় ভাঙচুর ও সংঘর্ষও হয়েছে।  

এ পরিস্থিতির মধ্যেই গার্মেন্টস শ্রমিকদের বেতন কাঠামো ঠিক করতে গঠন করা হয়েছে নতুন মজুরি বোর্ড। তাই, সড়ক ছেড়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘মালিক ও শ্রমিকের স্বার্থ রক্ষা করেই নতুন মজুরির বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড।’

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক স্বার্থ হাসিলের ষড়যন্ত্র চলছে বলেও সতর্ক করেন মন্ত্রী।

২০২৩ সালে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয় ১২ হাজার ৫০০ টাকা।