শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের পরিবারকে প্রাথমিকভাবে ১ লাখ টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ ঘটনায় দায়ীদের বিচার ও শাস্তি নিশ্চিতের প্রতিশ্রতিও দিয়েছেন তিনি।
চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এ কথা জানান।
বৈঠকে সরকার, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা অংশ নেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আজই শ্রমিকদের জন্য গাজীপুরে ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল করার অনুমোদন দিয়েছেন।
নির্দোষ শ্রমিকদের মধ্যে যারা আটক হয়েছে তাদের ছেড়ে দেয়ারও আহ্বান জানান শ্রমমন্ত্রী।
শিল্প বাঁচলে, আয় বাড়লে বেতনও বাড়বে মন্তব্য করে আরিফুল হক চৌধুরী শ্রমিকদের কারখানায় কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। আর মালিকদের শিল্প কারখানা খুলে দেয়ার কথা বলেন। এ বিষয়ে সরকার সর্বোচ্চ সহায়তা করবে।
মন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে রাখা হচ্ছে। যারা দেশের স্থিতিশীলতা চায় না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন জানান, সরকার পোশাক শিল্পের জন্য আন্তরিকভাবে কাজ করছে। মালিক-শ্রমিকের সঙ্গে আলোচনা করে নির্মোহভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
কোনো কোনো পক্ষ দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পোশাক শিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন মাহদী আমিন।