পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদন করার যে খবরটি ছড়িয়েছে সে বিষয়ে শুনেছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এর আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে। আজ সোমবার দুপুরের রাজধানীতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের বিষয়টি শুনেছি। সত্যতা যাচাই করব। এ বিষয়ে আইনি খুঁটিনাটি খতিয়ে দেখা হবে। পররাষ্ট্র বা আইন মন্ত্রণালয় পরে ব্যাখ্যা দেবে।
তিনি বলেন, দণ্ডিত আসামিকে ফেরত নিতে প্রত্যর্পণের আবেদন করেছি। আইন অনুযায়ী প্রত্যর্পণ চাইছি। আইনের আওতায় তাকে দেশে আনার চেষ্টা চলছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, পতিত শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। যারা ককটেল বিস্ফোরণ করেছে, বাসে আগুন দিচ্ছে, তারা সবাই দুস্কৃতকারী। কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ হয় কি না তা আপনারা দেখবেন।