রাজনৈতিক কারণে মামলা হলে তা যাচাই করা হবে: আইনমন্ত্রী

ধর্ষণ ছাড়া, হত্যাসহ অন্যান্য মামলা রাজনৈতিক কারণে হয়ে থাকলে, তা যাচাই করে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে, এ কথা বলেন মন্ত্রী। এসময়, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা সরকার প্রত্যাহার করেছে বলেও তথ্য দেন তিনি। 

নতুন আবেদন পাওয়া গেলে জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান আসাদুজ্জামান। 

মন্ত্রী বলেন, হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কাজ অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয়। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর এ কার্যক্রম আরও গতিশীল করতে উদ্যোগ নেয়া হয়েছে। 

এ সংক্রান্ত গত ৫ মার্চ জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যের কমিটি গঠনের কথা জানান।  এছাড়াও  ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটিও গঠন করার কথা জানান আইনমন্ত্রী।