ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আইনগত প্রক্রিয়ার মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার সকালে রাজধানীর একটি হোটেলে বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান।
এ সময় মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার বিষয়ে আইনগতভাবে যা যা করণীয়, সেটা তারা ডিউ প্রসেসে করছেন। তা আইনসঙ্গতভাবে ডিল করা হবে।
এ সময় সাংবাদিকরা আইনমন্ত্রীর কাছে জানতে চান, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের আদালতে কোনো আইনি লড়াই করা হবে কি না।
জবাবে আইনমন্ত্রী বলেন, এইটা ভারত সরকারের ব্যাপার। বন্দীবিনিময় চুক্তির আওতায় তাদের কাছে অনুরোধ করা হয়েছে। দেশটি হ্যান্ডওভার করলে শেখ হাসিনাকে ডিউ প্রসেসে যেভাবে আইনের আওতায় সোপর্দ করার দরকার সেভাবে করা হবে।


