প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সরকারকে চাপ দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত নিতে বাধ্য করার সুযোগ নেই। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্তের কথা জানায়নি ভারত। এ নিয়ে কোনো চাপও অনুভব করছে না সরকার।
তিনি বলেন, বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী তাঁকে ফিরিয়ে আনা হবে। দণ্ডপ্রাপ্ত আসামির পরবর্তী আইনি প্রক্রিয়া বাংলাদেশের আইনেই হবে। সেইসাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ১৯ নভেম্বরের কর্মসূচিকে ঘিরে নাশকতার শঙ্কা নেই।
আজ মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন তিনি।
গত সপ্তাহে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির বরাতে ভারত অবস্থান করা শেখ হাসিনার দেশে ফিরতি দুটি শর্ত দেবে দেশটি–এমন তথ্য উল্লেখ করা হয়।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্তের কথা জানায়নি ভারত। তাঁর বাবার তৈরি আইনেই তার বিচার হবে। তিনি বলেন, শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে প্রত্যর্পণ চাওয়ার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। তাকে প্রত্যর্পণ করতেই হবে।
এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, সম্প্রতি গোপালগঞ্জের সহিংসতার সাথে সম্পৃক্ত সবাইকেই আইনের আওতায় আনা হবে। এ নিয়ে পুলিশের কোনো গাফিলতি ছিল না।
এ সময় আগামী ১৯ নভেম্বরকে ঘিরে কোনো শঙ্কা নেই বলে আশ্বস্ত করেন উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের বিষয়ে নজরদারি চলছে।
আগামী ১২ ডিসেম্বর ভারতের সাথে গঙ্গার পানি বণ্টন চুক্তি শেষ হলেও, এটা নবায়নে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।