২০৩৪ সালের মধ্যে অ্যাভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে সরকার দক্ষিণ-পূর্ব এশিয়ার অ্যাভিয়েশন হাব করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে লালমনিরহাটের অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অথিতর বক্তব্যে একথা বলেন তিনি। 

এ সময় প্রধানমন্ত্রী বলেন, আগামী ৩ বছরের মধ্যে দেশের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে। 

প্রধানমন্ত্রী আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকার সুযোগ নেই, তাই নিজেদের সেজন্য প্রস্তুত করতে হবে। দেশে অগ্রযাত্রায় অবদান রাখতে তরুণদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান।

তারেক রহমান বলেন, তরুণদের উদ্ভাবন চেষ্টা যেন অর্থাভাবে আটকে না যায় সেজন্য সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে, প্রয়োজনে আরও বাড়ানো হবে।

এছাড়া, জেলার কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের সফর ঘিরে সীমান্তবর্তী জেলায় উৎসবের আমেজ।