রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে করতে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক উভয় পর্যায়ের অংশীদারদের সঙ্গেই কাজ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ শুক্রবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের রায় বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির আরও জানান, রোহিঙ্গা গণহত্যায় জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত–আইসিজের রায় চূড়ান্ত, এখানে আপিলের সুযোগ নেই। ন্যায় বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় এ রায় গুরুত্বপূর্ণ, বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গাদের জন্য এটি একটি মাইলফলক।
এ রায় দ্রুত বাস্তবায়নে সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘পেট্রোল বোমা মেরে কিছু করা যাবে না, শক্ত হাতে প্রতিহত করা হবে।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘দেশের বাইরে ও দেশে মানুষ আওয়ামী লীগকে সন্ত্রাসী হিসেবে দেখে। সন্ত্রাসী কার্যক্রম করে আওয়ামী লীগ নিজেদের ভাবমূর্তি নষ্ট করছে।’