মালয়েশিয়া যেতে বিগত আমলে আটকে পড়া কর্মীদের অগ্রাধিকারের পরামর্শ

আওয়ামী লীগ আমলে সব প্রক্রিয়া সম্পন্ন করেও মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের সরকারের নতুন ‘জিরো কস্ট’ স্কিমে অগ্রাধিকার দেওয়া উচিত। এ দাবি জানিয়ে অভিবাসন খাত সংশ্লিষ্টরা বলছেন, মালয়েশিয়ার সাথে সমঝোতা স্মারক নবায়নেও বিষয়টিকে গুরুত্ব দেওয়া দরকার। বোয়েসেল জানিয়েছে, বঞ্চিত এক হাজার ৫৩৭ জনকে মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। 

সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগে ২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়া শ্রমবাজার বন্ধের সময় দেশে আটকে পড়েন ১৭ হাজার ৭৭৭ জন। ওই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার শ্রমবাজারটি চালুর চেষ্টা চালায়।  

সম্প্রতি প্রবাসী মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। সরকারের জিরো কস্ট স্কিমে অগ্রাধিকার দেয়ার দাবি তাদের। 
 
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, বঞ্চিত প্রায় ১৮ হাজার কর্মীর মধ্যে মালয়েশিয়া সরকার ৭ হাজার ৮৭৩ জনের তালিকা দেয়। নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ার পর ২৯৯০টি আবেদন জমা পড়ে। চূড়ান্ত হওয়া ১৬২৬ জনের মধ্যে ১৫৩৭ জন কর্মীকে এরই মধ্যে মালয়েশিয়া পাঠানো গেছে। তবে, কর্মীদের অনাগ্রহ ও চাহিদা না পাওয়ায় আপাতত নিয়োগ বন্ধ। 
 
অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, মালয়েশিয়ার সাথে সমঝোতা স্মারক নবায়নে আটকে পরা কর্মীদের বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। অতীতের অনিয়মের জন্য দায়ীদের বিচারে দুদেশকে যৌথ প্রক্রিয়ায় এগোতে হবে বলেও মত বিশেষজ্ঞদের।