মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা প্রধানমন্ত্রীর

বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক উপাধিতে ভূষিত হয়েছিলেন যোদ্ধারা। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে, একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই কোরে বিজয়ী হওয়ার গৌরব সবার পক্ষে অর্জন সম্ভব হয় না।’ 

‘বীর মুক্তিযোদ্ধারা সে কারণেই অনন্য-অসাধারণ’ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 

তারেক রহমান বলেন, ‘ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসে বাহিনীর মুক্তিযোদ্ধাদের এবং তাদের পরিবারের সদস্যদের সম্মাননা ও সংবর্ধনা মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায়।’ 

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে অনুকরণীয় এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর সরকার।’