সশস্ত্র বাহিনী দিবস আজ। এ উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার সকালে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা নিজ নিজ বাহিনীর পক্ষে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তারা।
পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিন বাহিনীর প্রধান।
এর আগে, দিবসটি উপলক্ষে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আলাদা বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, দেশপ্রেম ও পেশাদারত্বই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি।
আর প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেছেন, ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। একাত্তরের এই দিনে মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করেন।


