ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়া শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শেখ হাসিনাসহ সন্ত্রাসীদের প্রত্যর্পণ চুক্তি বাদে অন্যভাবে দেশে ফেরার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।
আজ মঙ্গলবার সকালে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের জানানোর পর সাংবাদিকদের একথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি জানান, আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে সরকার সংযত পদক্ষেপ নিচ্ছে। শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত পলাতক আসামি। বিমান বা সড়ক কোনো পথেই বাংলাদেশের নাগরিক হিসেবে ফিরতে পারবেন না তিনি।
হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরতে হবে প্রত্যর্পণ চুক্তির আওতায়। এর কোনো বিকল্প নেই।
শেখ হাসিনার ফেরার তারিখ ঘোষণা দিয়ে রয়টার্সের প্রতিবেদন সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে আসতে হলে তাকে হাতকড়া পরে বন্দী হিসেবেই আসতে হবে। টাকা আর যন্ত্রণা থাকলে এই ধরনের প্রতিবেদন প্রকাশ করা যায়।