মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফেরাতে উড়োজাহাজ পাঠানোর আবদার হাস্যকর ও নজিরবিহী বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
আজ মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সংগঠন মায়ের ডাকের প্রতিনিধিদের সাথে বৈঠকের সময় এ মন্তব্য করেন তিনি।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে খবর দিয়েছে রয়টার্স। এজন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানানোর কথাও প্রতিবেদনে বলা হয়।
এ বিষয়ে প্রশ্ন করা হলে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কিছু গণমাধ্যমে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ বিবৃতিতে দেশে রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে। তাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ভারত থেকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি।
এদিকে আওয়ামী লীগের শাসনামলে শতাধিক মানুষকে গুম-খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচারের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে আজ।