বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু বৃহস্পতিবার

বিনা খরচে কর্মীদের মালয়েশিয়া যাওয়া শুরু হবে বৃহস্পতিবার। ওইদিন সন্ধ্যা ৭ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১২ কর্মী নিয়ে ছেড়ে যাবে প্রথম ফ্লাইট। 

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। 

মোহাম্মদ রাশেদুল হক জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে কর্মীদের প্রথম দল কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবেন। সম্পূর্ণ বিনা খরচে এই কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএলে কাজে যোগ দিতে যাচ্ছেন, তাদের যাতায়াতসহ যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। 

সরকারের ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপে মোট ১০ কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে। 

এর আগে, লটারির মাধ্যমে কর্মীদের বাছাই করা হয়। শূন্য অভিবাসন ব্যয়ে নিয়োগ পেতে গত ৬ থেকে ৮ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯ টি আবেদন জমা পড়ে। এর মধ্য থেকে অনলাইন অটোমেশন বা লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছিল।