বিনা খরচে মালয়েশিয়ার পথে ১১২ কর্মী, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বিনা খরচে মালয়েশিয়ার পথে ১১২ জন কর্মী। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বোয়েসেলের এমডি রাশেদুল হক জানিয়েছেন, জনপ্রতি আনুমানিক ২ লাখ টাকা খরচের সবই বহন করছেন নিয়োগকর্তা। মোট ১০ হাজার কর্মী এই বন্দোবস্তের আওতায় মালয়েশিয়া যাবেন। 

২ বছরের বেশি সময় পর বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ২০২৪ সালের ৩১ মে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। 

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই শ্রমবাজারে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে ধাপে ধাপে পাঠানো হবে ১০ হাজার কর্মী। তার অংশ হিসেবে বুধবার ১১২ কর্মীর যাত্রা। 

সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল জানিয়েছে, এই কর্মীরা কাজ করবেন ডিএইচএল সাপ্লাই চেইনে। মাসিক মূল বেতন ১ হাজার ৭০০ রিঙ্গিত। আবাসন ও চিকিৎসার ব্যবস্থা করবেন নিয়োগকর্তাই। প্রাথমিকভাবে ৩ বছরের চুক্তি, যা পরে বাড়ানোর সুযোগ আছে। 

বোয়েসেলের এমডি রাশেদুল হক বলেন, ‘এটি কেবল শুরু। মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মীর চাহিদা পাওয়া গেছে। সরকারি এই কর্মসূচিতে কাউকে কোনো টাকা দিতে হয় না।’  

পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ফি, প্রাক-বহির্গমণ প্রশিক্ষণ, বীমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের ২৬ হাজার ৩৫০ টাকা এবং ভিসা ফি ও বিমান টিকিটের সব খরচ দিচ্ছেন নিয়োগকর্তা। জনপ্রতি সাশ্রয় আনুমানিক ২ লাখ টাকা। 

বোয়েসেলের এমডি রাশেদুল হক বলেন, ‘যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের কর্মী প্রতি ২৬ হাজার ৩৫০ টাকা এবং ভিসা ফি ও বিমান টিকিটের সমোদয় অর্থ নিয়োগ কর্তা বহন করছে। ’  

বোয়েসেল বলছে, কর্মী বাছাই ছিল দালালমুক্ত ও স্বচ্ছ। ৪ হাজার ৩৯ জনের অনলাইন আবেদন থেকে গণমাধ্যমের সামনে প্রকাশ্য ই-লটারিতে ৩০০ জন, এবং পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারে নির্বাচিত হন প্রথম ধাপের ১১২ জন।