সাঈদী ইস্যুতে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: আইজিপি

দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ইস্যু তৈরি করে নাশকতার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 

বুধবার বিকেলে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ‘বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত’ এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

এ সময় সাইদীর মৃত্যু ইস্যুকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থতি অবনতির চেষ্টা করছে, এ প্রসঙ্গে জানতে চাইলে আইজিপি বলেন, যেখানে আইনশৃঙ্খলা পরিস্থতির অবনতি হবে সেখানেই পুলিশ ব্যবস্থা নিবে, যারাই নাশকতা করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।

তিনি বলেন, আমরা দেখেছি সেদিন জানাজা দেওয়ার জন্য তারা একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছিল। যারাই বিশৃঙ্খলা করার চেষ্টা করবে আমরা তাদের কঠোর হস্তে দমন করবো। 

এছাড়া সাঈদীর চিকিৎসকের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত ধানমন্ডি থানায় একটা জিডির তথ্য পেয়েছি আমরা। এ নিয়ে তদন্ত করা হচ্ছে। তাঁর সঙ্গে আমরা কথা বলে হুমকিদাতাকে চিহ্নিত করার চেষ্টা করব। তাকে চিহ্নিত করে আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া যায়, সে ব্যবস্থাই নেওয়া হবে।’

উল্লেখ্য, গেলো ১৪ আগস্ট মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দন্ডপ্রাপ্ত দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে ভিড় করে তার অনুসারীরা। এসময় তৈরি হয় বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী।