মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াতের সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসা দেওয়া চিকিৎসককে হুমকি দেওয়া দলটির রাষ্ট্র বিরোধী চিন্তার প্রতিফলন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
বুধবার দুপুরে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, ‘যিনি তাকে (সাঈদী) চিকিৎসা করেছেন তাকেও তারা হত্যার হুমকি দিচ্ছেন। এটা আমার কাছে আশ্চর্য লাগে। আমার কাছে মনে হয়, তারা (জামায়াত) যে নোংরা চিন্তা করে, তারা যে সব সময় সন্ত্রাসী চিন্তা করে, তারা যে রাষ্ট্রের বিরুদ্ধে সব সময় চিন্তা করে, তারই একটি প্রতিফলন বোধহয় এই হুমকির মাধ্যমে তারা জানান দিয়েছে।’
গত সোমবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী। তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ওঠে, সাঈদীকে পরিপূর্ণ চিকিৎসা সেবা দেওয়া হয়নি।
এর পেক্ষিতে তাকে চিকিৎসা দেওয়া চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকি দেওয়া হয়। গত মঙ্গলবার মধ্যরাতে চিকিৎসক মোস্তফা জামান ধানমন্ডি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এদিকে সাঈদীর মৃত্যুর প্রেক্ষিতে বুধবার নিজেদের অবস্থান তুলে ধরে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, সাঈদীর চিকিৎসা নিয়ম মেনেই করা হয়েছে।


সাঈদীর মৃত্যু নিয়ে যা বলল বিএসএমএমইউ
দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন
পিরোজপুরে সাঈদীর দাফন সম্পন্ন
