দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখান করেছে বিএনপি। তবে এখনই নতুন করে কোনো কর্মসূচি ঘোষণা করেনি দলটি।
আজ বুধবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর এক জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। সেখানে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ‘এই তফসিল বিএনপি প্রত্যাখান করেছে। চলমান অবরোধ কর্মসূচির শেষে নতুন করে কর্মসূচি ঘোষণা করা হবে।’
রিজভী বলেন, সিইসি তফসিল জারির মাধ্যমে জাতির সঙ্গে তামাশা করেছেন। তাঁর ভাষা প্রধানমন্ত্রীর ভাষারই প্রতিফলন।
রিজভী দাবি করেন, সরকার আবারও একদলীয় নির্বাচন করার নীলনকশা করছে। আর ইসি হচ্ছে তার নির্ভরতার আস্থা স্থল। এই কমিশনের মূল উদ্দেশ্য আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনা। এই কমিশন যদি নিরপেক্ষ হতো তাহলে জনমত উপেক্ষা করে তফসিল জারি করত না।
তফসিল জারি হলেই নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন রিজভী।
এর আগে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণা শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
এদিকে সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বুধবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে বিএনপির ডাকা পঞ্চম দফা অবরোধ। চলবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত।