১৮১ আসনে জাসদের প্রার্থী চূড়ান্ত 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৮১টি আসনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। শুক্রবার বিকেলে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। 

পরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে আরও কয়েকটি আসনে প্রার্থী চূড়ান্ত করা হবে।

এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার। 

আওয়ামী লীগ নেতৃত্বাধীন নির্বাচনী জোট ১৪ দলের অন্যতম শরিক দল জাসদ। জাসদ সভাপতি হাসানুল হক ইনু প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। 

গত কয়েকটি নির্বাচনের মতো এবারও ১৪ দলের শরিক হিসেবেই ভোটে অংশ নেওয়ার কথা নির্বাচন কমিশনকে জানিয়েছে দলটি। জাসদের প্রকাশ করা চূড়ান্ত প্রার্থী তালিকায় দলটির সভাপতি হাসানুল হক ইনুকে কুষ্টিয়া–২ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। 

জাসদ ছাড়াও ১৪ দলীয় জোটে আছে বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জেপি), সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও তরিকত ফেডারেশন।

১৪ দলের সবচেয়ে বড় শরিক আওয়ামী লীগ জানিয়েছে, আগামী রোববারের মধ্যে তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।