সমৃদ্ধ বাংলাদেশ গড়াই বিএনপির প্রতিজ্ঞা: মির্জা ফখরুল

গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত, মুক্ত বাজার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিজ্ঞা বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান তিনি। 

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘গত ১৫ বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম করে যাচ্ছে বিএনপি। এ পথে চলতে গিয়ে দলের অনেক নেতাকর্মী গুম হয়েছেন, আটক হয়েছেন। জাতীয়বাদী দল আগামীতে জনগণকে সাথে নিয়ে দেশ পুনর্গঠনে এগিয়ে যাবে।’ 

জিয়াউর রহমানের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়ন করা হবেও জানান মির্জা ফখরুল। 

খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে তিনি আরও বলেন, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে দেশে ফিরে আসতে পারেন, সেজন্য আমরা দোয়া চাইব।’

 বিএনপির এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর খরচের অর্থ বন্যার্তদের জন্য গঠিত ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

দলের মহাসচিব বলেন, বন্যার কারণে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর ৬ দিনের কর্মসূচি কমিয়ে শুধুমাত্র প্রতিষ্ঠাবার্ষিকীর দিন অনাড়ম্বরভাবে পালন করা হবে। 

এদিকে দুপুরে নয়াপল্টনে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে সভার আয়োজন করেছে বিএনপি। এতে মির্জা ফখরুলসহ দলের সিনিয়র নেতারা থাকবেন। 

ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনে প্রায় দেড় যুগের মধ্যে বর্তমানে সবচেয়ে চাঙ্গা অবস্থায় রয়েছে বিএনপি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে গড়ে ওঠা দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।