মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফিরিয়ে দেওয়া এখন ভারতের দায়িত্ব: পরওয়ার

জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়া ভারতের দায়িত্ব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে রায়-পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেন।

এ সময় মিয়া গোলাম পরওয়ার জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফিরিয়ে দেওয়া এখন ভারতের দায়িত্ব।

জামায়াতের এই নেতা বলেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষের গণআকাঙ্ক্ষা আংশিক হলেও আজকের ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে পূরণ হয়েছে। কোনো সরকার প্রধানের সর্বোচ্চ সাজার এ ঘটনা ইতিহাসে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আগামী দিনে কোনো শাসকই কর্তৃত্ববাদী হয়ে না ওঠে—আজকের এই ঘটনা সেই শিক্ষা দেবে।’

বিচার প্রক্রিয়ায় সন্তোষ জানিয়ে জামায়াত সেক্রেটারি আরও বলেন, ‘বিচার স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে। কোনো অপরাধীই যে আইনের ঊর্ধ্বে নয়, সেটির উদাহরণ আজকের এই রায়। আর বিগত দিনের সব গণহত্যা ও অপরাধের বিচার এখন সময়ের দাবি।’

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে প্রতিবেশী দেশের জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে এবং কোনো প্রতিবেশী দেশের সঙ্গেই বৈরিতা রাখবে না।’