তারেক রহমানের জন্য মঞ্চ প্রায় প্রস্তুত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনার জন্য মঞ্চ প্রায় প্রস্তুত। রাজধানীর ৩০০ ফিট এলাকায় তৈরি করা ৪৮ ফুট বাই ৩৬ ফুটের মূল মঞ্চে এখন চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। এরই মধ্যে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আশপাশের পুরো এলাকা।

জমকালো এই সংবর্ধনা মঞ্চ তৈরি এবং বিশেষ নিরাপত্তা বলয় নিশ্চিত করতে দিনরাত তদারকি করছে আয়োজক কমিটি। সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারাসহ দলীয় কর্মীরাও।

তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে ৩০০ ফিটের বিশাল সমাবেশস্থলে এখন সাজ সাজ রব। দলীয় নির্দেশনা মেনে শৃঙ্খলা টিম, স্বেচ্ছাসেবক টিম, মেডিকেল ও ট্রাফিকিং টিমকে সার্বক্ষণিক কাজ করতে দেখা গেছে। দলীয় নেতাকর্মীরা এই সমাবেশে প্রায় ৫০ লাখ মানুষের উপস্থিতির প্রত্যাশা করছেন।

এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, তারেক রহমান দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর ৩০০ ফিটের সমাবেশস্থলে যাবেন। সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পর তিনি তাঁর মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন।

রুহুল কবির রিজভী জানান, তারেক রহমানের সফর ও সমাবেশ ঘিরে সরকারের কাছে সর্বোচ্চ নিরাপত্তার দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি দলীয়ভাবেও নেতাকর্মীরা তাঁর নিরাপত্তায় সতর্ক অবস্থান নেবেন। একই সাথে নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে অবস্থানে থাকার আহ্বান জানান তিনি।।