আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র কিনলেও জমা দিতে ব্যর্থ হয় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।
ফরম জমা দেওয়ার নির্ধারিত সময় বিকেল ৫টা থাকলেও তিনি ৩০ মিনিট পরে আসায় তার মনোনয়নপত্র জমা নেয়নি জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা।
সোমবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন হিরো আলম।
পরে বিকেল ৫টা ৩০ মিনিটে মনোনয়নপত্র জমা দিতে যান, তবে সঠিক সময়ে জমা দিতে না পারায় তিনি বলেন, ‘আমার ফরম পূরণ করতে ৩০ মিনিট সময় বেশি লেগেছে, সঠিক সময়ে না আসার কারণে মনোনয়নপত্র জমা দিতে গেলে তা গ্রহণ করেনি রিটার্নিং কর্মকর্তা।’
তিনি আমজনতার দল থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র কেনেন বলেও জানান।
এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, ‘তাকে (হিরো আলম) আগেই বলেছিলাম ৫টার মধ্যে ফরম জমা দিতে। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে আসতে পারেননি বিধায় নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা নেওয়া হয়নি।’