একাধিক সংগঠন থেকে এনসিপিতে যোগ দিলেন ৪৭ নেতা

ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৭ নেতা-কর্মী যোগ দিলেন জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি)। আজ রোববার রাজধানীর বাংলামোটর এলাকায় এনসিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সমসাময়িক রাজনীতি ও সাংগঠনিক বিষয় নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপি। এতে দলের আহ্বায়ক, সদস্য সচিব ও মুখপাত্রসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘কারো সাবেক পরিচয় মুখ্য নয় আজকে থেকে যারা এনসিপিতে যোগ দিয়েছেন সবাই এনসিপির কর্মী। কিন্তু চাদাবাজ, অপরাধী, আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের সাথে যারা জড়িত ছিল তারা কেউ এনসিপিতে যোগ দিতে পারবে না।’ 

এই যোগদান প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে এবং এটা চলমান থাকবে বলে জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।