এখন তাদের আসল রূপ উন্মোচন হয়ে গেছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘বর্তমানে নতুন করে আরেকটি সংকট তৈরি হয়েছে। সরকারের গুরুত্বপূর্ণ কেউ কেউ বলছেন, নির্বাচনের জন্য তারা সেদিন সংস্কার প্রশ্নে জনগণের কাছে কমিটমেন্ট দিয়েছিলেন। কিন্তু এখন তাদের আসল রূপ উন্মোচন হয়ে গেছে। তারা আসলে সংস্কারের প্রতি কখনও কমিটেড ছিলেন না।’

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এনসিপিতে নতুন সদস্য যোগদান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এমন কথা বলেন।

জুলাই সনদ বাস্তবায়ন এনসিপিকেই করতে হবে বলেও জানান তিনি। এছাড়া সম্প্রতি পশ্চিম বাংলায় অনুষ্ঠিত নির্বাচনের পর সেখানে সংখ্যালঘু মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘এখানে সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এর মধ্য দিয়ে বাংলাদেশ সংখ্যালঘুদের সবচেয়ে নিরাপদ দেশ হবে।’

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘হামে শিশু নিহতের ঘটনায় প্রকৃত দোষীদের বিচার করতে হবে। পূর্ববর্তী সরকারের ওপর দায় চাপিয়ে বর্তমান সরকার দায় এড়াতে পারে না’

তিনি বলেন, ‘ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে আজ অবদি চট্টগ্রামের ইতিহাস অত্যন্ত গৌরবের। জুলাই আন্দোলনেও এখানকার হাজারো মানুষ রাজপথে নেমে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছিল। সেই গৌরবকে ধারণ করে আমরা চট্টগ্রামকে সংগঠিত করার চেষ্টা করছি।’

দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানান, চরম প্রতিকূল পরিবেশে এনসিপি সদস্যরা বসন্ত আনতে সক্ষম হয়েছে। 

দলে যোগ দেওয়া নতুন সদস্যদের প্রতি তিনি জানান, এমন সময় তারা দলে যোগ দিচ্ছেন যখন নানাভাবে কালবৈশাখী চলছে। রাষ্ট্রীয়ভাবে কালবৈশাখী ঝড় চলছে। বিএনপি ক্ষমতায় এসে সংস্কারবিরোধী একটা অবস্থানে দাঁড়ায়। যা অসংখ্য বিএনপি নেতাকর্মীর অন্তরে রক্তক্ষরণ ধরায়। আর সেজন্য বিএনপির অনেক নেতার অন্তরে এনসিপির স্পিট কাজ করছে। 

বঞ্চিত সেইসব বিএনপি নেতাকর্মীদের পাশে এনসিপি কর্মীদের আন্তরিকভাবে দাঁড়ানোর আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ।