চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বন্যায় প্রাণহানি ও জনজীবনের ব্যাপক বিপর্যয়ের প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলে চলমান জুলাই পদযাত্রা আগামী ১৫ থেকে ১৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার দলটির পক্ষ থেকে জানানো হয়, মানবিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ফরিদপুরের নগরকান্দা ও সদর, মাদারীপুর সদর, ভোলা সদর, বরিশালের বাবুগঞ্জ, বরগুনার আমতলী এবং পটুয়াখালী সদরে পূর্বনির্ধারিত পদযাত্রা আপাতত অনুষ্ঠিত হবে না।
এনসিপি সূত্র জানিয়েছে, স্থগিত হওয়া কর্মসূচিগুলো পরবর্তীতে সমন্বয় করে নতুন সূচি অনুযায়ী আয়োজন করা হবে। এ বিষয়ে পরে বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হবে।
তবে আগামী ১৯ জুলাই (রোববার) থেকে দক্ষিণাঞ্চলের পদযাত্রা পুনরায় শুরু হবে। ওই দিন বিকেল ৩টায় ঝালকাঠির রাজাপুর উপজেলা শহরে এবং সন্ধ্যা ৬টায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলা শহরে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, উত্তরাঞ্চলের কর্মসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। পূর্বঘোষিত সূচি অনুযায়ী ১৫ জুলাই (বুধবার) বিকেল ৩টায় বগুড়ার মোকামতলা উপজেলা শহরে এবং সন্ধ্যা ৬টায় জয়পুরহাট সদরে এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে।



