চট্টগ্রামে প্রতিটি দেয়ালে জুলাইয়ের গ্রাফিতি হোক: হাসনাত আব্দুল্লাহ

আজকের মধ্যেই চট্টগ্রামে প্রতিটি দেয়ালে জুলাইয়ের গ্রাফিতি আঁকার আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

এনসিপির উত্তরাঞ্চলীয় মূখ্য সংগঠক সারজিস ইসলামও এ বিষয়ে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, চট্টগ্রামের অবৈধ মেয়র পুলিশ দিয়ে ছাত্রদের পিটিয়ে গ্রাফিতি আঁকা বন্ধ করতে চায়! জুলাইয়ের গ্রাফিতিতে এত ভয় কিসের? 

এদিকে জুলাই গ্রাফিতি আঁকা ও মুছে ফেলা নিয়ে বিএনপি ও এনসিপির মধ্যে উত্তেজনা দেখা দেয়ায় চট্টগ্রামের জিইসি মোড় থেকে দেওয়ানহাট মোড় পর্যন্ত সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। 

সম্প্রতি চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে গ্রাফিতি মুছে দেওয়া ও আঁকা নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে বিএনপি এবং এনসিপির নেতা-কর্মীরা। ওয়াসা থেকে টাইগারপাস পর্যন্ত পিলারে আঁকা জুলাই গ্রাফিতি সিটি করপোরেশনের পক্ষ থেকে মুছে ফেলা হয়। এর প্রতিবাদে চট্টগ্রাম মহানগর এনসিপির পক্ষ থেকে রোববার রাতে জুলাই গ্রাফিতি আঁকার কর্মসূচি দেওয়া হয়। 

এরপর রাতে গ্রাফিতি অঙ্কন ও সিটি করপোরেশন যাওয়ার সড়কে  বিভিন্ন লেখা লেখেন। এরপর ছাত্রদলসহ বিএনপির স্থানীয় নেতারা এসে তার প্রতিবাদ করে বিক্ষোভ করেন। এরপর লেখাগুলো মুছে দেন। এই নিয়ে দুই পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দেয়। পরে পুলিশ এসে দুই পক্ষকে নিভৃত করে।