জুলাইয়ের চেতনা বিএনপিই সবচেয়ে বেশি হৃদয়ে ধারণ করে বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। আজ রোববার সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপি আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ১৯ জুলাই নরসিংদী কারা বিদ্রোহ দিবস’ উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
খায়রুল কবির বলেন, ‘কেউ যদি জুলাই চেতনা বিক্রি করতে চান, ঘোলা পানিতে মাছ শিকার করতে চান– পরিণতি ভালো হবে না। জুলাই চেতনা সবচেয়ে বেশি আমরা নিজেদের হৃদয়ে-অন্তরে ধারণ করি। বর্তমান বিরোধী দল তারা আবার নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তারা বলছেন, এই সরকার যদি জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করেন, তাহলে বিগত সরকারের পরিণতি হবে। আরে ভাই, আপনারা অতীত ইতিহাসের দিকে তাকায় দেখেন আপনারা কী করেছেন। আর বিএনপি আর আওয়ামী লীগকে যদি এক কাতারে এক পাল্লায় মাপতে চান, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন। কোথায় আছেন বুঝতে পারছেন না আপনারা।’
খায়রুল কবির আরও বলেন, ‘আমরা একসাথে আন্দোলন করেছি। বিগত দিনের ১৭ বছর আন্দোলন মূল্যায়নে আপনারা কতটুকু ভূমিকা রেখেছেন জনগণ জানে আমরাও জানি। কী করেছেন আপনারা? তারপরও আমরা একসাথে মিলেছি দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা শপথ করেছি মহান জাতীয় সংসদে। আমরা সেইভাবে আগাতে চাই। এখন যদি বিএনপিকে প্রতিপক্ষ ভেবে ক্ষমতায় যাওয়ার জন্য আপনারা জুলাই সনদকে আপনারা ইস্যু করেন, আপনারা বলেন যে গণভোট গণরায় আমরা যদি বাস্তবায়ন না করি তাহলে আমরা মাঠে নামব এবং এই সরকারকে পদত্যাগ করে দিতে বাধ্য করবেন, তাহলে বিএনপি কি এই এরশাদের জাতীয় পার্টি, না আওয়ামী লীগের গৃহপালিত দল? জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এই দল। এই দলের বিরুদ্ধে কথা বলবেন হিসাব করে বলবেন।’
জেলা শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী ও জেলা বিএনপির সহ-সভাপতি এম. এ জলিলসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।



