এবার রূপগঞ্জেও বাধার মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফল উৎসবের জন্য তৈরি একটি মঞ্চ দুই দফায় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। অনুষ্ঠানটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অংশ নেওয়ার কথা ছিল। এ সময় এনসিপির ৫ কর্মী আহত হন বলে জানা গেছে।

আয়োজকরা জানান, প্রথমে শুক্রবার সন্ধ্যায় এবং পরে শনিবার বিকেলে দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। হামলাকারীরা মঞ্চের সামনে থাকা চেয়ার–টেবিল ভাঙচুর করে এবং প্যান্ডেল খুলে ফেলে। প্রতিবাদ করতে গেলে তারা এনসিপি কর্মীদের ওপর চড়াও হয়।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘অনুষ্ঠানটা একটা ফল উৎসব ছিল। এ ফল উৎসবে কেন হামলা করা হলো? এটাতো কাপুরুষের কাজ। রাস্তায় ইট ও দেশি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, এটাতো কোনো রাজনীতি না। এটা ছাত্রলীগ–যুবলীগ–আওয়ামী লীগ করত। আমি বিএনপিকে বলব এই সব কাজ পরিহার করুন। যদি কাজ না থাকে সীমান্ত পাহারা দেন, তবুও আপনাদের একটা কাজ হবে।’

এনসিপির অভিযোগ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে এই হামলা হয়েছে। পুলিশের সামনে এ হামলা হলেও তারা নীরব ছিল বলেও অভিযোগ এনসিপির।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‘এনসিপির একটি ফল উৎসবের অনুষ্ঠানে হামলা করে ভাঙচুর করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিরাপদ পরিবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী অনুষ্ঠান সম্পন্ন করেন। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে এবং হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’