বাজেটে জনকল্যাণের প্রতিফলন, বললেন মির্জা ফখরুল

জনগণের ভাগ্যের উন্নয়নে সরকার কতটা আন্তরিক তা প্রস্তাবিত বাজেটে প্রতিফলিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপিত হওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপন করা হয় দেশের ইতিহাসের সবচাইতে বড় বাজেট। বাজেট শেষে নিজেদের প্রতিক্রিয়া জানান বিএনপি ও জোটের সংসদ সদস্যরা। 

সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নতুন বাজেট কাজে দেবে। যদি তা ঠিক মত বাস্তবায়ন করা যায়। তিনি বলেন, খুব একটা ভালনারেবল পরিস্থিতিতে বাজেট করতে হয়েছে, আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে। আমরা চেষ্টা করছি।

বিজেপির চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেন, বাজেটে প্রমাণিত হয়েছে সরকার জনবান্ধব। এই সরকারের যে ভালো উদ্দেশ্য আছে, তা বাজেটে প্রমাণিত। তিনি মনে করেন, আগের সরকার বাজেট প্রণয়নের ক্ষেত্রে জনগণ এবং ব্যবসায়ীদের যে চাপের মধ্যে রাখতো এই সরকার তেমনটি করেনি।

বাজেট সম্পর্কে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার জনগণের স্বার্থ রক্ষায় কতটা আন্তরিক তা প্রস্তাবিত বাজেটে প্রতিফলিত হয়েছে। 

তিনি বলেন, অর্থনীতির চরম দুরবস্থার মধ্যদিয়ে বিএনপি সরকার গঠন করেছে। সরকার কতটা আন্তরিক, তা এই বাজেটে প্রতিফলিত হয়েছে। দেশের অর্থনীতিকে পুনর্বাসন করতে চায় সরকার, সঙ্গে গতি ফিরিয়ে আনতে চায়। 

এসময়, ভঙ্গুর অর্থনীতিতে গতি ফিরিয়ে আনতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।