একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে সরকার: জামায়াত আমির 

দেশে বিএনপির নেতৃত্বাধীন সরকার একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান। আজ শুক্রবার জামায়াতের মহানগরী শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কর্মী সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, বিগত ফ্যাসিষ্ট সরকারের ন্যায় বাংলাদেশে একদলীয় শাসন ব্যাবস্থা কায়েমের চেষ্টা করছে সরকার। চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারিত্ব ও জনগণের সম্পদ লুটপাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, অতীতে যারা ব্যাংক লুট, দখলদারিত্ব ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, শুধু তাদের হাতবদল হয়েছে, সমস্যার সমাধান হয়নি। এসবের জবাব জনগণ যথাসময়ে দেবে।

জামায়াত আমির নারায়ণগঞ্জকে চাঁদাবাজ ও অসৎ নেতৃত্বমুক্ত, শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও মর্যাদাশীল নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এজন্য সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি অনির্বাচিত প্রশাসক অপসারণ করে দ্রুত সিটি করপোরেশন নির্বাচন দেওয়ার দাবি জানান।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগের আমীর মাওলানা মো. আবদুল জব্বার সম্মেলনে সভাপতিত্ব করেন। এ সময় আগামী সিটি করপোরেশন নির্বাচনে নারায়ণগঞ্জ মহানগের আমির মাওলানা মো. আবদুল জব্বারকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।