জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে উদযাপিত হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন। বর্তমানে তিনি এই স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডা. জুবাইদার জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর মহাখালী টিএন্ডটি মহিলা কলেজ মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে নানা জনকল্যাণমূলক কর্মসূচি আয়োজিত হয়। এর মধ্যে ছিল কোরআন খতম, শিশুদের স্বাস্থ্যপরীক্ষা, বিনামূল্যে ঔষধ বিতরণ, পথশিশুদের মাঝে খাবার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। এ ছাড়াও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাঁকন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ মাহবুবুল হক বাচ্চু, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার উমাশা উমায়ন মনি চৌধুরী, সাংবাদিক হাফিজ আল আসাদ সাইদ খান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শিশুদের উদ্দেশ্যে ড. আব্দুল মঈন খান বলেন, ডা. জুবাইদা রহমান আপন মেধায় এবং মননে উদ্ভাসিত এক মহীয়সী নারী। তিনি এ জন্মদিনের আড়ম্বরতা বা জাঁকজমক আয়োজন সমর্থন করেন না। একটা জুবায়দা রহমান মেধাবী প্রজন্ম তৈরিতে সব সময়ই জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ এবং রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছায়াসঙ্গী হিসেবে নিরলস কাজ করে যাচ্ছেন। আজকের এই জন্মদিনেও সেটাই প্রতিফলিত হয়েছে।
পরে টিএন্ডটি মহিলা কলেজ মাঠে অতিথিদের সঙ্গে নিয়ে নিম গাছ রোপন করেন ড. আব্দুল মঈন খান। পথশিশুদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম উদ্বোধন করেন। পরে হাফেজ ও পথশিশুদেরকে মধ্যাহ্নভোজ পরিবেশন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
প্রসঙ্গত, জন্মদিন উপলক্ষে বরাবরই সব ধরনের আড়ম্বরতা পরিহার করে জনহিতকর এবং দেশের কল্যাণমূলক কাজকেই উৎসাহিত করেন ডা. জুবাইদা রহমান।
এ ছাড়াও জিয়াউর রহমান ফাউন্ডেশনের এই আয়োজনে যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ডা. ফারুক আহমেদ, আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, সহ-প্রচার সম্পাদক ডা. ইকরামুল ইসলাম সৌরভ, ডা. মেহেদী হাসান, সরকারি মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. তানজিম রুবায়েদ আফিফ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য মাহমুদুল হাসানসহ তিনটি মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



