ঢাকা মেডিকেলে চিকিৎসার পর দীপু মনিকে ফেরানো হলো কারাগারে

মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে এনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে। আজ সোমবার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে সাড়ে ৮টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। 

দীপু মনিকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলুল হক জানান, কারাগারে দীপু মনির শারীরিক অবস্থার অবনতি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

তিনি জানান, হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে নতুন ভবনের মেডিসিন বিভাগে নেওয়া হয়। পরে মেডিসিন বিভাগে দীপু মনির প্রাথমিক চিকিৎসা শেষে সকাল সাড়ে ১০টার দিকে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৯ আগস্ট দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।