প্রধানমন্ত্রীর চীন সফরে কোনো অর্জন নেই: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর চীন সফরে কোনো অর্জন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম সদরের টগরাইহাট উচ্চবিদ্যালয় মাঠে এক কৃষক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘বিরোধীদলীয় বেশির ভাগ এমপি উত্তরাঞ্চলের। পরিকল্পিতভাবে এই উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। বড় কোনো উন্নয়ন পরিকল্পনা রংপুর-কুড়িগ্রামে নেওয়া হয়নি। সেই একই বৈষম্য আমরা দেখতে পারছি। প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফর করেছেন, কিন্তু কিছু নিয়ে আসতে পারেন নাই।’

নাহিদ বলেন, ‘উত্তরবঙ্গে যে আঞ্চলিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, এবারের বাজেটে সরকার সেই বৈষম্য দূর করতে পারেনি। জনগণকে অধিকার থেকে বঞ্চিত করছে এই সরকার। আমরা এটা মেনে নেব না। এই উত্তরাঞ্চলের মানুষ জুলাই গণ-অভ্যুত্থানে জীবন দিয়েছে। তাদের সন্তান আবু সাঈদ দুই হাত প্রসারিত করে জীবন দিয়েছে। তারা ভোট দিয়ে এগারো দলকে জয়যুক্ত করেছে। আমরা তাদের ভোটাধিকার, তাদের অর্থনৈতিক অধিকার নিশ্চিত করব। এটা আমাদের প্রতিশ্রুতি।’

জুলাই বিপ্লবে কৃষক পরিবারের সন্তানদের অবদান স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, ‘আবু সাঈদ ছিলেন কৃষকের সন্তান। জুলাই বিপ্লবে যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁদের বেশির ভাগ ছিলেন কৃষক পরিবার থেকে আসা। কিন্তু এ দেশে আমরা দেখছি, কৃষকের পক্ষে কেউ কথা বলে না। কৃষক তার ফসল ফলাতে যে পরিশ্রম, যে টাকা ব্যয় করছে, বিক্রির সময় তার ন্যায্যমূল্য পাচ্ছে না। অথচ সব কিছুর দাম বেড়েছে। নানা ধরনের সিন্ডিকেট হচ্ছে। এই নতুন সরকারও কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করতে পারেনি। যেখানে খরচ থেকে শুরু করে সব কিছু বেড়েছে। কৃষকেরা নানা সমস্যায় ভুগছেন। আপনারা দেখছেন কৃষকেরা এখন কৃষিকাজ ছেড়ে দিচ্ছেন, কৃষিতে আগ্রহ হারিয়ে ফেলছেন।’

কৃষকদের সমস্যা সমাধানে সরকারের ব্যর্থতার সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘কৃষক কার্ড দিয়ে কৃষি সমস্যার সমাধান হবে না। একটা নির্ভরশীল জনগোষ্ঠী তৈরি হবে। কৃষক কার্ড দিয়ে দুর্নীতি হবে। সেটা কৃষক দলের কাছে যাবে, যুবদলের কাছে যাবে, শ্রমিক দলের কাছে যাবে। প্রকৃত ভুক্তভোগী যে কৃষক, তার পরিবারে যাবে—তার নিশ্চয়তা নেই। আমরা কৃষক কার্ডের বিপক্ষে নই। কৃষকদের অধিকার শুধু কিছু টাকার কার্ডের বিনিময়ে সম্ভব নয়। শুধু কৃষক কার্ড দিয়ে কৃষি সমস্যার সমাধান হবে না। এটা দিয়ে আপনাদের সেচের সমস্যা, বীজের সমস্যা, কীটনাশকের সমস্যার সমাধান হবে না।’