জুলাই আন্দোলনের দাবিদাররাই নিজেদের বিভক্তির মাধ্যমে ফ্যাসিবাদ ফেরার পথ তৈরি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। সোমবার সকালে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তী উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ‘রাজনীতিকে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন বক্তব্যের এই সংস্কৃতি চালু করেছিলেন শেখ হাসিনা। এখন বিরোধী দল সে পথেই হাঁটছে। জুলাই আন্দোলনের দাবিদাররাই বিভাজন তৈরি করছে এবং শেখ হাসিনাকে ফেরার সুযোগ করে দিচ্ছে।’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, ‘সাম্প্রতিক কর্মকাণ্ডে বিরোধী দল হিসেবে অযোগ্য প্রমাণিত হয়েছে জামায়াতে ইসলামী। এ অবস্থায় তাদের ক্ষমতায় যেতে আরও দশ বছর অপেক্ষা করতে হবে।’
জুলাই অভ্যুত্থানে বিভিন্ন হাসপাতালে কর্মরত নার্সদের সাহসী ভূমিকা ও অবদান তুলে ধরা হয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে।