দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা ও জ্বালানি সরবরাহে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং বিদুৎ জ্বালানি সরবরাহে বিএনপি সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। আজ সোমবার রাজধানীতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় নাহিদ ইসলাম বলেন, জ্বালানিমন্ত্রী জ্বালানি সংকটের দাবি নাকচ করলেও পরবর্তীতে সরকার বিরোধীদল নিয়ে জ্বালানি বিষয়ক কমিটি তৈরি করা হয়েছিল। সেখানে বিরোধীদল যে মতামত দিয়েছিল তা গুরুত্ব দেওয়া হয়নি। সরকারের জ্বালানি ক্রয়ে স্বচ্ছতা আনতে পারেনি।

গ্যাস সংকটের কারণে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। উৎপাদনের হার কমে গেছে বলে দাবি করেন তিনি। 

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আরও বলেন, ‘বিদ্যুতের দাম বৃদ্ধি করা হবে না–বিএনপি সরকারের এমন অঙ্গীকার বাস্তবায়ন হয় নাই, বরং ভূতুড়ে বিদুৎ বিল তৈরি হচ্ছে। দেশে সর্বোচ্চ পর্যায়ে লোডশেডিং হয়েছে।’

তিনি বলেন, যেকোনো সংকট আসলেই বিএনপি নিজেদের দায় এড়িয়ে অন্তবর্তীকালীন এবং ফ্যাসিস্ট সরকারের উপর দায় চাপিয়ে দেয়। মেগা প্রকল্প না যাওয়ার প্রতিশ্রুতি দিলেও মেট্রো প্রকল্পে খরচ বৃদ্ধি করা হয়েছে। 

এনসিপির এই নেতা আরও বলেন, স্বাস্থ্য খাতের অনেক সংস্কার বাতিল করেছে বিএনপি সরকার। হাম মহামারিতে পর্যাপ্ত স্বাস্থ্য সেবার ব্যবস্থা করতে পারেনি। 

এ ছাড়া শিক্ষাঙ্গণে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। বিরোধীদলের শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে ছাত্রদল বলেও অভিযোগ করেন তিনি।