জামায়াত আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে কি না, প্রশ্ন আবদুস সালামের

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনীতি ঘোলাটে করে আওয়ামী লীগকে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করছে কি না, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। শুক্রবার সকালে রাজধানীর কামরাঙ্গীরচর লোহার ব্রিজ সংস্কার শেষে চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। 

ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় এসেছে মাত্র ছয় মাস। রাতারাতি বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমাধান করা সম্ভব নয়। এজন্য সরকারের কিছু সময় লাগবে। অথচ বিরোধী দল তিন-ছয় মাস না যেতেই সরকারের বিরুদ্ধে লেগেছে, যাতে সরকার দেশের জন্য কাজ করতে না পারে।’ 

মো. আব্দুস সালাম বলেন, ‘আগামী নির্বাচনে ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে। বিএনপি আগামী পাঁচ বছরে দেশে সুশাসন, গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে দেবে। একই সঙ্গে গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।’ 

লোহার ব্রিজ সংস্কার প্রসঙ্গে মো. আব্দুস সালাম বলেন, ‘দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ এই ব্রিজে মরিচা ধরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল। দক্ষিণ সিটির উদ্যোগে অগ্রাধিকার ভিত্তিতে এটি সংস্কার করা হয়েছে। এটি চালুর ফলে ওই এলাকার প্রায় ৫০ লাখ মানুষ উপকৃত হবেন। যানবাহন চলাচল না করলেও এখন থেকে সম্পূর্ণ নিরাপদে পায়ে হেঁটে পার হতে পারবেন স্থানীয়রা।’