রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া প্রশাসকদের ভোটে অযোগ্য ঘোষণার দাবি জামায়াতের

কার্যক্রম নিষিদ্ধ দলের পদে থাকা নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সেই সাথে স্থানীয় সরকারের বিভিন্ন পদে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়াদের আসন্ন নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে দলটি।

আজ মঙ্গলবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সাথে জামায়াতে ইসলামীর ছয় সদস্যের প্রতিনিধি দলের বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শামসুল আলম বিএনপির একটি সাব কমিটিতে ছিলেন। শামসুল আলম ইসির অতিরিক্ত সচিব থাকলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে না। সাংবিধানিক প্রতিষ্ঠানে তার নিয়োগ আইনের পরিপন্থী।

তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে ৯ দফা দাবি ও পরামর্শ জানিয়েছে জামায়াতে ইসলামী। 

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিলে বৈষম্য তৈরি হবে। সংবিধানের লঙ্ঘন ও নাগরিক অধিকার ক্ষুণ্ণ হবে।

এ ছাড়া মন্ত্রী-এমপিরা যাতে কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা করতে না পারে, এই দাবি জানানো হয়েছে বলেও জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ইসির প্রতি এখনো আস্থাশীল জামায়াত, তবে দলীয় সরকারের চাপে ইসি। ১১ দলীয় ঐক্যের সকল দল স্থানীয় নির্বাচনে নিজ নিজ প্রার্থী দিতে পারবে। তাতে কোনো বাধা নেই।