বিদ্যুৎ-জ্বালানি সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায়, বিদ্যুৎ-জ্বালানি সমস্যা নিয়ে জনগণের কাছে দুঃখপ্রকাশও করেন প্রধানমন্ত্রী। এসময়, গুপ্তদের ভেতরে স্বৈরাচার লুকিয়ে দেশে অস্থিরতার তৈরির চেষ্টা করছে কি-না সেই প্রশ্নও রাখেন সরকার প্রধান।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে এ আলোচনা সভা। শনিবার, বিকেল ৪টার দিকে রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউশনে সভার শুরুতেই বিএনপির পক্ষ থেকে সরকারের ৬ মাসের কার্যক্রমের ওপর দেখানো হয় প্রামাণ্য চিত্র।
শুরুতে বক্তব্য রাখেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। এরপর অতিথিরা তুলে ধরেন বিএনপির দীর্ঘ পথ চলার নানা স্মৃতি।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের সঙ্কটকালে মানুষ বিএনপির ওপর আস্থা রাখে- তা বার বার প্রমাণিত। বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অরাজকতার চেষ্টা হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ‘এই সমস্যাগুলিকে পুঁজি করে আমরা খেয়াল করছি কিছু রাজনৈতিক দল কিছু ব্যক্তি বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। এবং বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে দেশে একটা অরাজকতা তৈরি করছে। পরিষ্কারভাবে বলতে চাই প্রত্যেকে প্রত্যেকের সীমার মধ্যে থাকা দরকার। কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়– অবশ্যই দেশের আইনে বলে দেওয়া আছে কীভাবে অরাজকতাকে নিয়ন্ত্রণ করতে হবে।’
বিএনপি প্রধান বলেন, স্বৈরাচারদের সঙ্গে নিয়ে কেউ দেশে অস্থিরতার চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে।
তারেক রহমান বলেন, ‘স্বৈরাচারের সময় যেসকল গুপ্তরা স্বৈরাচারের আড়ালে লুকিয়ে ছিল এখন কি সেই গুপ্তদের ভেতরে লুকিয়ে থেকে স্বৈরাচার এই অরাজকতা উসকে দিতে চাইছে? তাই যদি হয় তাহলে তো বলতে হবে যারা গুপ্ত তারা সেই স্বৈরাচারকেই আবার সামনে নিয়ে আসার কাজ করছে। ’
বিধ্বস্ত অর্থনীতির ওপর দাঁড়িয়ে দেশ পরিচালনাকে যুদ্ধের সাথে তুলনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।