জ্বালানি-বিদ্যুৎ সংকটের প্রস্তাব সরকার আমলে নেয়নি: হামিদুর রহমান

বিরোধীদল থেকে সংসদে জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় নানা প্রস্তাব দিলেও, তা সরকার আমলে নেয়নি বলে অভিযোগ করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সেক্রেটারি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, জনগণের হয়ে দাবি তুলাতেই লংমার্চে জনগণের অংশগ্রহণ উল্লেখযোগ্য।

আজ রোববার বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ঢাকা-রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি  সভা শেষে তিনি এসব কথা বলেন।

সরকারের ৬ মাসে দেশের কোনো খাতে অগ্রগতি হয়নি অভিযোগ করে তিনি বলেন, সময়ের সাথে সংকট বাড়ছেই, বাজার নিয়ন্ত্রণ থেকে শুরু করে দুর্নীতি চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি সরকার। সমাধানে সংসদে প্রস্তাব জানালেও তা আমলে নেয়নি সরকার।

এ সময়ে তিনি ঢাকা-রংপুর লংমার্চে ৫টি স্থানে জনসভা ও ৬ দফা থেকে ৭ দফার কথা উল্লেখ্য করেন।

দুর্নীতি দখলদারি, চাঁদাবাজির বিরুদ্ধে নতুন দফা যুক্ত হওয়ার কথা জানান তিনি। লংমার্চে জনগণের অংশগ্রহণ উল্লেখ্যযোগ্য, যা সময়ের সাথে আরো বাড়বে বলেও জানান ১১ দলীয় ঐক্য সমন্বয়ক।