পদত্যাগ করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার দুপুরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন তিনি। জাতীয় সংসদ সচিবালয় মিষ্টির আসন শূন্য ঘোষণা করেছে।
গত ২৪ সেপ্টম্বর রাতে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি বিরুদ্ধে। সংরক্ষিত নারী আসনের এমপিকে নিয়ে যখন সমালোচনার ঝড় তখন প্রধানমন্ত্রী নির্দেশ দেন পদত্যাগের।
এরপর বৃহস্পতিবার দুপুরে সংসদে আসেন মিষ্টি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন তিনি।
ফেরদৌসি আহমেদ মিষ্টির সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়। সংরক্ষিত নারী আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে ওই আসনে নতুন সদস্য মনোনীত করতে হবে।
এদিকে সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাড্ডার ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত চলছে। প্রমাণ পেলে নেওয়া হবে ব্যবস্থা। অপরাধী সংসদ সদস্য হলেও ব্যবস্থা নেওয়া হবে।