কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহ মাজার প্রাঙ্গণে নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাজার প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার সন্ধ্যা ৮টার দিকে লালন শাহ মাজার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং পুলিশ প্রোটেকশনে তাকে কুমারখালী থানায় নেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এই হামলার ঘটনায় ছাত্রদল দায়ী বলে মন্তব্য করে কুষ্টিয়া জেলা এনসিপির সদস্যসচিব সুলতান মারুফ তালহা বলেন, ‘হামলাকারীরা ছাত্রদলের নেতাকর্মী, তারাই এই হামলা চালিয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করা হবে।’
হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের সদস্য সচিব তসলিম উদ্দীন নিশাত বলেন, ‘আমি পাবনা ছিলাম, এখন ফিরছি, তবে আমি শুনেছি, সে ছেউড়িয়ায় গিয়ে প্রথমে মাদক সেবন করে। পরে গান শুনে বের হওয়ার সময় লালনের মাঝারের গেটে এসে স্থানীয়দের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। এতে করে স্থানীয় ব্যবসায়ী এবং লোকজন ক্ষিপ্ত হয়ে তার উপরে হামলা করে। সেখানে ছাত্রদলের কোনো নেতাকর্মী ছিল না।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, নাসির উদ্দিন পাটোয়ারী লালন মাজারে এসেছিলেন। শুনেছি তার সঙ্গে কিছু একটা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। পরে বিস্তারিত বলতে পারব।