মুক্তিযোদ্ধার দাফন

তদন্ত কমিটি করল জামায়াত, সদস্য ২ এমপি

পিরোজপুরে এক বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধাদানের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এজন্য দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

মঙ্গলবার রাতে দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আমিরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। 

বৈঠকে পিরোজপুরে সংঘটিত সাম্প্রতিক ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত করে এর সঙ্গে সংগঠনের কেউ জড়িত রয়েছেন কিনা– তা কমিটি তদন্ত করে দেখবে। এ ব্যাপারে তদন্ত কমিটিকে সার্বিক সহযোগিতা করার জন্য স্থানীয় সংগঠনকে নির্দেশ দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনা তদন্তে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন– সাইফুল আলম খান মিলন এমপি ও নূরুল ইসলাম বুলবুল এমপি।

কমিটি আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

প্রসঙ্গত, পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর গার্ড অব অনার প্রদানে ও মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।  এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন রাজনৈক ও সামাজিক সংগঠন।