গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি হতাশ করেছে: জামায়াত আমির

বিএনপি জাতিকে হতাশ করেছে, গণভোটের রায় বাস্তবায়ন না করে জাতির সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে ১১ দলীয় ঐক্যের তৃতীয় দফার লং মার্চ কর্মসূচির উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ মোট ৭ দফা দাবিতে তৃতীয় দফায় লং মার্চ কর্মসূচি পালন শুরু করেছে ১১ দলীয় ঐক্য।  জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম, রংপুর লং মার্চের পর এবার ৩য় দফার লংমার্চ ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে। ১৯টি জেলায় ৮টি জনসভা ও ৬টি পথসভা হবে। 

বায়তুল মোকাররমের সামনে উদ্বোধনী সমাবেশের বক্তব্যে জামায়াত আমির বলেন, ‘সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। জনগণের ভাষা বুঝতে না পারলে, ৭ দফা থেকে সরকার পতনের  ১ দফার ঘোষণা আসতে পারে।’ 

এসময় ১১ দলীয় ঐক্য নেতারা সরকারের নানা ব্যর্থতার কথা তুলে ধরে বলেন, ৭ দফা যেকোনো মূল্য সরকারকে মানতেই হবে।

তৃতীয় দফার লং মার্চ কর্মসূচিতে ঢাকা জেলা, মুন্সীগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জসহ খুলনা মহানগরী ও জেলা, বাগেরহাট, নড়াইল, চুয়াডাঙ্গা, মাগুরা, মেহেরপুর, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়াসহ মোট ১৯টি জেলার ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা অংশ নেবেন।