ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জনগণ প্রমাণ করেছে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার সকালে ঠাকুরগাঁওয়ের টাঙন ব্যারেজে আয়োজিত মাছ ধরা উৎসব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার আট মাসে কী করেছে, কী করেনি, তার মূল্যায়ন করেছেন ঠাকুরগাঁওয়ের মানুষ। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের জন্য কী করছে, সেটিও মানুষ দেখছে। অন্যদিকে, যারা আজ বিক্ষোভের ডাক দিয়েছে, তারাই বিভিন্ন সময়ে লং মার্চ ও রোডমার্চ করেছে। কিন্তু উপনির্বাচনের ফলাফলে জনগণ তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনে বিএনপির প্রার্থী প্রায় ১ লাখ ৩০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। বিপরীতে বিরোধী দলের প্রার্থী পেয়েছেন তুলনামূলক অনেক কম ভোট। এ ফলাফলই প্রমাণ করে, বিগত দিনে বিরোধী দল যেসব কর্মকাণ্ড করেছে, তাতে জনগণের মধ্যে তাদের জনপ্রিয়তা কমেছে।’
ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘সরকার দেশব্যাপী খাল খনন ও নদী খননের উদ্যোগ গ্রহণ করেছেন। এসব প্রধানমন্ত্রী নিজে তত্বাবধান করছেন। কোনো ধরনের অনিয়ম পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
পরে টাঙন ব্যারেজের তিনটি জলকপাট খুলে দেওয়া হয়। স্থানীয় জেলে ও সাধারণ মানুষেরা মৎস উৎসবে মেতে উঠেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘বর্ষার পরে যখন টাঙ্গন ব্যারেজ খোলা হয় তখন মানুষ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে মাছ উৎসব পালন করেন।’
ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘বিগত দিনে কী হয়েছে আমি সেদিকে যাব না। আমি বলতে চাই বর্তমান পানি সম্পদ মন্ত্রণালয় জবাবদিহি আছে। প্রতিমাসে প্রধানমন্ত্রীর কাছে একবার জবাবদিহি করতে হয়। আমাদের তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে হবে। নদী খাল খনন করে পানিকে ধারণ করতে হবে। তারপরেই নদীমাতৃক দেশ প্রাণ ফিরে পাবে। টাঙ্গন ব্যারেজে হাজার হাজার উৎসবমুখর পরিবেশে মানুষ মৎস্য স্বীকার করছে। মাছের যে স্বল্পতা আমরা সেটা বুঝতে পারছি। খাল খলনের মাধ্যমে সেটিও দূর হবে।’
জেলা প্রশাসক রফিকুল হকের সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন পুলিশ সুপার বেলাল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার, নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয়রা।