শ্রমিক আন্দোলন যৌক্তিক, ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে না: নাহিদ

পোশাক শ্রমিকদের আন্দোলন যৌক্তিক উল্লেখ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে পার পাওয়া যায় না। আজ মঙ্গলবার পাবনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপি পাবনা জেলা শাখা আয়োজিত সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভার আগে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 

গণমাধ্যমকর্মীদের সঙ্গে ব্রিফিংয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘শ্রমিকদের এই আন্দোলন যৌক্তিক। সরকারের সঠিক পরিকল্পনা না থাকায় আন্দোলনের এই পরিস্থিতি তৈরি হয়েছে। কোনো ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে পার পাওয়া যায় না।’ 

নাহিদ ইসলাম বলেন, ‘যদি এই আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকে থাকে এবং তারা যদি নৈরাজ্য করার চেষ্টা করে, এর দায়িত্বও সরকারকেই নিতে হবে। কারণ এটা সরকারের গোয়েন্দা তৎপরতার ব্যর্থতা। সরকার বিরোধী দল দমনে গোয়েন্দা শক্তি ব্যবহার করছে। কিন্তু যারা এ দেশের শত্রু, যারা জনগণকে হত্যা করে ভারতে পালিয়ে রয়েছে, তাদের ব্যাপারে কিন্তু সরকার প্রধানকে আমরা আজ পর্যন্ত কোনো ধরনের গোয়েন্দা তথ্য জাতির সামনে পেশ করতে দেখি নাই।’ 

বিরাধীদলীয় চিফ হুইপ আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার পাঁচশ আন্দোলন মোকাবিলা করেছে। আন্দোলন থামবে তখনই যদি সরকারের ওপরে জনগণের আস্থা থাকে। এই সরকারের ওপর তো জনগণের কোনো আস্থা নেই। কারণ সে ৭০ শতাংশ জনগণের রায়ের সাথে বেঈমানি করেছে। সে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনের আগে, নির্বাচনী ইশতেহারে, সবগুলো প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।’

এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, ‘গতকাল আবারও সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আগে যখন ১৮০০ টাকা ছিল খোলা বাজারে ২৫০০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এখন এটা আরও বাড়বে। আমরা জনগণকে আহ্বান করব যে আপনারা রাজপথে নামুন। কারণ রাজপথেই এই সরকারকে একটা জবাব দিতে হবে।’