কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা জাহাঙ্গীর কবির নানক ও শামীম ওসমানের বিরুদ্ধে টাকা পাচারের প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটির অভিযোগ, টেলিকম ব্যবসার আড়ালে নানক ও শামীম ওসমানের পরিবার পাচার করেছে ৪৫৩ কোটি টাকা। এরই মধ্যে দুই পরিবারের ৯ জনের বিরুদ্ধে চার্জশিটে অনুমোদন দিয়েছে দুদক।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের স্ত্রী-সন্তানের নামে ছিল রাতুল টেলিকম। সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২৫৯ কোটি ৬২ লাখ টাকা পাচারের প্রমাণ পেয়েছে দুদক।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরেক প্রভাবশালী নেতা নারায়ণগঞ্জের শামীম ওসমান। তার স্ত্রী-সন্তান, শ্যালকসহ ৬ জনের বিরুদ্ধে ১৯৩ কোটি ৯১ লাখ পাচারের প্রমাণ পেয়েছে দুদক। কে টেলিকমিউনিকেশন্স এর আড়ালে টাকা পাচারের অভিযোগে চার্জশিটেও অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। তার বিরুদ্ধে ৮ হাজার কোটি টাকা পাচারের আরেকটি অভিযোগ রয়েছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।