বাংলাদেশের নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে প্রবাসেও। প্রথমবার পোস্টাল ব্যালটে ভোট দিয়ে উচ্ছ্বসিত উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ডের বাংলাদেশ কমিউনিটি। প্রবাসীদের আলোচনা ও আড্ডায় জমে উঠছে দেশের নির্বাচন।
ইতিহাসে প্রথমবার বিদেশের মাটি থেকে ভোট দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আনুষ্ঠানিকভাবে ব্যালট বাক্স গণনা বাকি মাত্র। ভোটদানের পুরো প্রক্রিয়া ঘিরে উচ্ছ্বাস-উদ্দীপনা লক্ষ্য করা গেছে পৃথিবীর সবচেয়ে সুখী ও উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ড প্রবাসীদের মধ্যে।
নির্বাচন ঘিরে সবচেয়ে বেশি উৎসাহ তরুণ ভোটারদের মধ্যে। ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের একটি বড় অংশ শিক্ষার্থী। তাদের মধ্যে ভোট নিয়ে আলোচনা, সচেতনতা ও অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি।
ফিনল্যান্ড থেকে ২৩৫০ জন প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের জন্য রেজিস্ট্রেশন করেছেন। তবে ফিনল্যান্ডে বাংলাদেশের কোনো স্থায়ী দূতাবাস না থাকায়, সরকারি উদ্যোগে সরাসরি প্রচারণা তেমন চোখে পড়েনি বলে অভিযোগ প্রবাসীদের।
হাজার মাইল দূরে, তীব্র শীতের দেশ ফিনল্যান্ডে বসেও দেশের নির্বাচনকে ঘিরে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে প্রবাসী বাংলাদেশীদের। শত ব্যস্ততার মাঝেও দেশের প্রতি দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়েছেন তারা। প্রমাণ করছেন, ভৌগোলিক দূরত্ব থাকলেও দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ অটুট।